NUHelp
NUHelp: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৮টি সেবার ধাপে ধাপে গাইড, বাংলা ও ইংরেজিতে। আমি একাই ডিজাইন, কনটেন্ট ও ডেভেলপমেন্ট করেছি (এআই সহায়তায়)। ২০২৬ নভেম্বর থেকে লাইভ।
সমস্যা
জান্নাত কম্পিউটারে কাজ করার সময় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন সেবায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কাজ করেছি, আর সেখান থেকেই দেখেছি তাঁরা কোথায় আটকে যান। NUHelp সেই অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে।
বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদের নানা প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেবা নিতে হয়। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় তার বেশিরভাগ সেবার আবেদন অনলাইনে নিচ্ছে। এটি অপ্রযুক্তিগত (নন-টেকনিক্যাল) শিক্ষার্থীদের জন্য একটি বাধা হয়ে দাঁড়ায়।
তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে ছড়িয়ে আছেন। ধরা যাক, কক্সবাজারের একজন শিক্ষার্থী ভর্তি বাতিল করতে বা কলেজ পরিবর্তন করতে চান। কিংবা তাঁর সার্টিফিকেট, মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ডে নিজের বা বাবা-মায়ের নামে ভুল এসেছে, যা সংশোধন করতে হবে। অথবা তিনি বিদেশে উচ্চশিক্ষায় যেতে চান, ফলে শিক্ষাগত কাগজপত্র বিশেষ প্রক্রিয়ায় তৈরি করাতে হবে। এই প্রতিটি ক্ষেত্রে কী করতে হবে, কোন ধাপে কী লাগবে, সেই তথ্য সহজে খুঁজে পাওয়া যায় না। ফলে অনেক দূরদূরান্তের শিক্ষার্থী কোনো স্পষ্ট তথ্য ছাড়াই এতদূর থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে আসতে বাধ্য হন।
লক্ষ্য
আজকাল মানুষ কোথাও যাওয়ার, কিছু করার বা কেনার আগে মোবাইল বা কম্পিউটারে সার্চ করে বিষয়টি জেনে নেয়। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কয়েকটি মূল সেবার বিস্তারিত তথ্য এক জায়গায় রাখা, যাতে তাঁদের সমস্যা সমাধানের পথ কিছুটা সহজ হয়।
এছাড়া অনেক শিক্ষার্থী বহু বছর ধরে দেশের বাইরে আছেন এবং ইংরেজিতেই অভ্যস্ত। দেশের ভেতরেও অনেকে ইংরেজিতে সার্চ করতে ও পড়তে পছন্দ করেন। তাঁদের জন্য সাইটটি ইংরেজিতেও রাখা হয়েছে।
যা বানিয়েছি
জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়। এর সব সেবার তথ্য এক জায়গায় দেওয়া দুরূহ কাজ। তাই আমি শিক্ষার্থীদের প্রতিনিয়ত প্রয়োজন হয় এমন ১৮টি মূল সেবা বেছে নিয়েছি এবং সেগুলোকে ৫টি ভাগে সাজিয়েছি:
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য: উচ্চশিক্ষার কাগজপত্র
নাম বা তথ্যে ভুল আছে এমন শিক্ষার্থীদের জন্য: সংশোধন
হারানো বা নষ্ট কাগজপত্রের জন্য: ডুপ্লিকেট
ফলাফল উন্নয়ন বা যাচাই করতে চান এমন শিক্ষার্থীদের জন্য
ভর্তি ও প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য: যেমন ভর্তি বাতিল বা কলেজ পরিবর্তন
প্রতিটি সেবার পেজে নম্বর দেওয়া ধাপ, প্রয়োজনীয় কাগজের তথ্য এবং আবেদনের সরকারি লিংক আছে। প্রতিটি পেজের একটি করে ইংরেজি সংস্করণও আছে, ফলে দুই ভাষায় মোট ৪২টি পেজ। এর মধ্যে হোম, যোগাযোগ এবং দাবিত্যাগ ও গোপনীয়তা নীতির পেজও রয়েছে।
হোমপেজের সার্চ বারে মার্কশিট, ডুপ্লিকেট বা TC-এর মতো শব্দ লিখে সরাসরি সেবা খুঁজে নেওয়া যায়।
কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে প্রশ্ন করতে পারেন। আর ফি বা নিয়মে কোনো ভুল বা পরিবর্তন চোখে পড়লে জানালে আমি তথ্য হালনাগাদ করি।
ডিজাইন সিদ্ধান্ত
অনুচ্ছেদের বদলে ধাপে ধাপে গাইড।প্রতিটি সেবার পেজে নম্বর দেওয়া ধাপের তালিকা আছে, যাতে শিক্ষার্থী এক সময়ে একটি কাজ করে পরেরটিতে যেতে পারেন। লম্বা প্যারাগ্রাফ রাখিনি, কারণ পড়তে পড়তে বিরক্তি এসে যায়।
ছোট পর্দার জন্য আলাদা নকশা।বেশিরভাগ শিক্ষার্থী ফোনে খুলবেন ধরে নিয়ে ছোট পর্দার (৬০০ ও ৮২০ পিক্সেলের নিচে) জন্য আলাদা লেআউট বানিয়েছি।
বাংলা টাইপোগ্রাফি।বাংলা লেখার জন্য বডিতে Anek Bangla ও শিরোনামে Hind Siliguri, ইংরেজির জন্য Plus Jakarta Sans ও Inter বেছেছি।
একটি মাত্র রঙ।পুরো সাইটে একটি নীল (#0066D9), সঙ্গে হালকা ধূসর-নীল পটভূমি ও গাঢ় নীলচে-কালো লেখা।
সরলতা: ডার্ক মোড নেই।হঠাৎ প্রয়োজন হয় এমন তথ্যের সাইটে লাইট ও ডার্ক মোডের ঝামেলা বাড়তি ভার হয়ে যায় এবং মনোযোগ নষ্ট করে বলে আমার মনে হয়েছে। এছাড়া তথ্যবহুল সাইটে ডার্ক মোড আমার নিজেরও ভালো লাগেনি।
দ্রুত লোড হওয়া।ধীর নেটের ব্যবহারকারীদের কথা ভেবে ফন্ট নিজের সার্ভার থেকে দেওয়া হয়েছে, ফলে লেখা আগে দেখা যায় ও ফন্ট পরে বসে। ছবি ওয়েবপি ফরম্যাটে ৪৮০, ৮০০ ও পূর্ণ মাপে রাখা, তাই ফোন ছোট ছবি পায়। জাভাস্ক্রিপ্ট মাত্র প্রায় ৫ কিলোবাইট। কোনো ফ্রেমওয়ার্ক নেই।
নমুনা ছবি ও জুম।প্রতিটি গাইডে নমুনা ছবি আছে (যেমন কোন ফর্মে কী ভরতে হবে)। ১৪টি পেজে ছবি ক্লিক করে বড় করে দেখা যায়।
সবার জন্য ব্যবহারযোগ্যতা।যাঁদের ডিভাইসে অ্যানিমেশন কমানোর সেটিং চালু, সাইট সেটা মেনে চলে।
স্পষ্ট দাবিত্যাগ।সাইটে পরিষ্কার লেখা আছে যে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত বা অনুমোদিত নয়, আর ফি ও নিয়ম বদলাতে পারে, তাই আবেদনের আগে অফিসিয়াল নোটিশ দেখে নিতে বলা হয়েছে। প্রতিটি সেবার পেজে আবেদনের সরকারি লিংক দেওয়া আছে।
তৈরি ও লাইভ করা
কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া সাধারণ HTML, CSS ও JavaScript, যাতে পেজ দ্রুত লোড হয়। GitHub থেকে Vercel-এ ডিপ্লয়, ডোমেইনের DNS Cloudflare-এ। সার্চে পাওয়া যাওয়ার জন্য sitemap, robots.txt, দুই ভাষার জন্য canonical ও hreflang ট্যাগ যোগ করেছি এবং Google Search Console-এ সাইট যাচাই করেছি।
এআই ব্যবহার
কনটেন্টের কাঠামো, ডিজাইনের সিদ্ধান্ত ও তথ্য যাচাই আমার। কোড লেখা, ডিপ্লয় ও ডোমেইন সেটআপে আমি Claude-এর সাহায্য নিয়েছি।
যা শিখলাম
প্রিন্ট আমাকে শিখিয়েছে প্রতিটি খুঁটিনাটি দুবার যাচাই করতে। এখানে সেটা তথ্যের ক্ষেত্রে কাজে লাগিয়েছি, কারণ একটা ভুল ফি বা ধাপ একজন মানুষের সময় নষ্ট করে। আরও শিখেছি ডিজাইন থেকে ডোমেইন সেটআপ ও সার্চ ইনডেক্স পর্যন্ত পুরো পথ নিজে সামলাতে।